নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার সোনারগাঁওয়ের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিখোঁজ ৪ জনের মরদেহ এখনও কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস কোস্টগার্ড, নৌ ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে ১৩ জন সোনারগাঁওয়ের হারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারটি সোনাময়ী এলাকায় ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এসময় ৮ জন সাতঁরে পাড়ে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হয়। পরে মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হলেও, একই পরিবারের আরো চারজন নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ।













