রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা। একইসঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে এ বিষয়ক কোরআনের আয়াত সংসদে কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
দেশের যে আইন আছে, সেই আইনে রামিসা, আছিয়া, তানিয়ার বিচার হবে না উল্লেখ করে আমির হামজা বলেন, এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করা লাগে তাহলে কোরআনে সুরা আন-নূরের আয়াতের আলোকে বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।
এটা কোন ওয়াজ মাহফিল, তফসিরুল মাহফিল না জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য বলেন, সংসদে গলাবাজি করা না। কোন মঞ্চে বক্তব্য, বিবৃতি কিংবা মানববন্ধন করা না। ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনারও একটা মেয়ে আছে। এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো? রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো। তাহলে বাংলাদেশে কী অবস্থা হয়ে যেত এতক্ষণ? আমার মনে হয় ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে এসে ১৪ টুকরা করে ফেলতেন।
এসময় মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধু জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে বলে দাবি জানান আমির হামজা।




























