১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষায় মেধা তালিকায় দেশসেরা হয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।
তার এই অভাবনীয় সাফল্যে বিশ্ববিদ্যালয়ে বইছে আনন্দের জোয়ার। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার এই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন সিয়াম। মেধা তালিকায় প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি।
বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন। ’ জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় কেউ ধৈর্য হারাবেন না। প্রস্তুতিতে ঘাটতি থাকতে পারে, তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত নিজেকে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি। ’ সিয়ামের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আনজু বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের খবর।
রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়া আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই অত্যন্ত গৌরবের। ’ তিনি সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ সব প্রার্থীকে অভিনন্দন জানান। প্রসঙ্গত, রাবির আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এই শীর্ষস্থান অর্জনের ইতিহাস পুরোনো। এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেছিলেন রাবির শিক্ষার্থীরা।
মাঝে ১৭তম পরীক্ষায় কিছুটা বিরতি ঘটলেও ১৮তম বিজেএসে এসে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল রাবির আইন বিভাগ।














