পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সদর সার্কেল কার্যালয় মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এ ছাড়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিট এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল ও জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।













