তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারেন না এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের কাছে অপ্রতিরোধ্য মনে করেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে তারা কতটা নির্বোধ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক, প্যানেল আলোচনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মর্যাদা, গণতান্ত্রিক অধিকার এবং সাম্য নিশ্চিত হবে। কিন্তু সেই আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ফলে বিভিন্ন সময়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামে নামতে হয়েছে।
তিনি বলেন, যখন কোনো গণআকাঙ্ক্ষা তৈরি হয়, তখন শাসকগোষ্ঠী যদি সেই আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রশক্তির ওপর ভর করে নিজেদের অপরাজেয় মনে করে, ইতিহাস বারবার প্রমাণ করেছে তারা কতটা নির্বোধ।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।
তিনি বলেন, সেই সম্ভাবনা আমাদেরকে দেশের সবচেয়ে কম বিতর্কিত একটি জাতীয় নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আজ একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে এবারের জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করছি।
মন্ত্রী আরও বলেন, এত রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ কতটা এগোতে পেরেছে, সেটিই এখন বড় প্রশ্ন। গণতান্ত্রিক রূপান্তর কতটা বেগবান, কতটা সঠিক এবং কোন পথে এগোচ্ছে—এসব বিষয় নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন।
তিনি বলেন, আমাদের দেশে গণতন্ত্রের সংকটের একটি বড় কারণ হলো আমরা বাস্তব বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় বিতর্ক করতে শিখিনি। তাই ডিবেটিং সোসাইটির এ ধরনের কার্যক্রমকে একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিকে একটি ইবাদতের মতো চর্চা করেছি। এখনো করি, বাকি জীবনেও করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় যে সংস্কার প্রয়োজন, তা যথাযথভাবে সম্পন্ন করতে সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে।
























