মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউনূস সেন্টার থেকে দেওয়া এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা ঘনিষ্ঠভাবে জড়িত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে দেশের জাতীয় রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তিত্বে পরিণত করেছে। অধ্যাপক ইউনূস আরো বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও নীতিনিষ্ঠ ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। সবশেষে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।





















