পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতা মো. খলিলুর রহমানকে মারধর ও তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সফিকুল ইসলাম ইমরান মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (১ নভেম্বর) মামলা দায়েরের পর উপজেলার হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, শনিবার সকালে দুমকি উপজেলার তালতলী বাজারে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী খলিলুর রহমান বাদী হয়ে রাকিব হাওলাদার, সফিকুল ইসলাম ইমরানসহ ছয়জনকে আসামি করে দুমকি থানায় মামলা করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










