এগিয়ে থেকেও জয়টা ধরা দিল না বাংলাদেশের। এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার শেষে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ দুই কোয়ার্টারে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে যুব হকি দলকে।
শুক্রবার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চীন। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্বাগতিকেরা। তবে গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফিল্ড গোল করে দলকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ২৬ মিনিটে ফিল্ড গোল করে মেহেদী হাসান বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
লিড নিয়েই মধ্য বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে চীন। ২-২ সমতায় শেষ হয় তৃতীয় কোয়ার্টার। শেষ কোয়ার্টারে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশও একাধিকবার আক্রমণে ওঠে। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ৫৩ মিনিটে গোল হজম করে আবার পিছিয়ে পড়ে লাল-সবুজের দল।
শেষ সাত মিনিটে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ। ফলে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো বাংলাদেশকে। চীনে এখন ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের হকি। এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নারী ও পুরুষÑ দুই দলই অংশ নিচ্ছে। একই সময়ে চীনের অন্য শহরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সিনিয়র হকি দল।
অনূর্ধ্ব-২০ নারী দলের পরবর্তী ম্যাচ আগামীকাল চাইনিজ তাইপের বিপক্ষে। পুরুষ দল পরশু দিন খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। চীন ছাড়াও পুরুষ দলের প্রতিপক্ষ কাজাখস্তান ও পাকিস্তান। টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। এখানে ষষ্ঠ স্থান অর্জন করতে পারলেই যুব হকি বিশ্বকাপে আবারও খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তাই উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু হলেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে যুবাদের।
















