বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন। তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানো হচ্ছে।
পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যে, গণঅভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে পেরেছে। মন্ত্রী মিল্লাত আরও বলেন, ’২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সব তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনোদিনই সম্ভব নয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো. এ কে এম জহিরুল ইসলাম প্রমুখ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।





















