শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হওয়ার অধিকার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা-১২ সংসদীয় আসনের আওতাধীন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি সিন্ডিকেট সদস্য হওয়ার অধিকার রাখেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শেকৃবির টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেকৃবি শাখা আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সাইফুল আলম খান মিলন বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা-১২ আসনে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমি এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়ার অধিকার রাখি।
কিন্তু শেকৃবি প্রশাসন আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। ’ চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি হয়। আগে সরকারি দল করত, এখনো সরকারি দল করে। আমি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছি, এসব বন্ধ করতে হবে। ’ শিক্ষার্থীদের উদ্দেশে কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ‘কৃষি বিজ্ঞান এখন একটি গুরুত্বপূর্ণ সেক্টর।
এই সেক্টরের উন্নয়নযাত্রা শুরু হলেও এখন তা হাঁটিহাঁটি পায়ে এগোচ্ছে। আপনারা পারেন এই যাত্রাকে আরও গতিশীল করতে। ’ তিনি আরও বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমির পরিমাণ একই থাকছে। আগামীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃষি সেক্টরেই রয়েছে। অল্প জায়গায় বেশি খাদ্য উৎপাদন করতে হবে। এ জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ।
’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২০০১ সালের আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসংক্রান্ত বিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রতিনিধিত্বের সুযোগ রয়েছে।





















