সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতির সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১০ জনকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মানবপাচারকারী একটি চক্রের সক্রিয় সদস্য আব্দুল আমিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আমিন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি নারী-পুরুষকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য নাইট্যংপাড়া এলাকায় জড়ো করেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বরফ মিলসংলগ্ন এলাকায় হাবিবুল্লাহর বাড়ির সামনে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারী দলের সদস্যরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
পরে ধাওয়া করে আব্দুল আমিনকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন র‌্যাবকে জানান, পলাতক সহযোগীদের সঙ্গে নিয়ে উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদেও একই তথ্য পাওয়া যায়। তারা জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাদের ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।
পরে উদ্ধার হওয়া ১০ জন এবং গ্রেপ্তার আব্দুল আমিনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।





















