জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মৎস্য পক্ষ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যথাযথ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এ খাতেও আরও অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে। বিজিবি মহাপরিচালক আরও বলেন, মাছ চাষের জন্য সবসময় বড় জলাশয়ের প্রয়োজন হয় না।
ছোট পুকুর ও অন্যান্য উপযুক্ত জলাশয়েও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা সম্ভব। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পেলে একদিকে যেমন মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে বিদ্যমান পুকুর ও জলাশয়গুলো যথাযথভাবে ব্যবহার করে মাছ চাষের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। আজকের এই মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দুই সপ্তাহব্যাপী ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। এ কর্মসূচির আওতায় বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে মাছের পোনা অবমুক্তকরণ, মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।




















