জোহরা বেগম নামে জনৈক বিধবা গৃহবধূর সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা এবং বসতবাড়িতে হামলার প্রতিবাদে সোমবার ২৪ আগস্ট সকালে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নরসিংদী রায়পুরা উপজেলার বাঙালীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী জোহরা বেগমের কন্যা আরিফা আক্তার মুন্নি বলেন, বাঙালীনগর মৌজা আর.এস ৩২৯ খতিয়ানে এস.এ-৪১৩ ও আর.এস-২১০৫ দাগে ১১ শতাংশ ভূমি তার মাতা জোহরা বেগম দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে। ইতি মধ্যে উল্লেখিত গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র সানজারুল কবির জহির, আশরাফুল ইসলাম আসাদুল, হুমায়ুন কবির, ছাত্তার মিয়ার পুত্র নাজমুল আলম পারভেজ, টুটুল মিয়ার পুত্র সাজেদুল ইসলাম অনন, ফজলুর রহমানের কন্যা পারভীন বেগমের লোলপ দৃষ্টি পরে এই জমিটির ওপর।
পরবর্তীতে তারা এ জমিটি দখল করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার ২০.৮.২৬ইং তারিখে সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। জোহরা বেগমের লোকেরা বাধা দিলে আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং এই বলে হুমকি দেয় যে, জমিটি ছেড়ে না দিলে জোহরা বেগম ও তার পরিবারের লোকজনদের চিরদিনের জন্য এ পৃথিবী থেকে বিদায় করে দিবে।
বর্তমানে জোহরা বেগম ও তার পরিবারের লোকেরা আসামিদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এদিকে জোহরা বেগম বাদী হয়ে গত ২৩.৮.২৬ইং তারিখে সানজারুল কবির জহিরসহ ৬ জনকে আসামি করে নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ খবর আসামিদের মধ্যে ছড়িয়ে পড়লে আসামিরা জোহরা বেগমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ করা একান্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।



















