বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, সংসদে বিরোধীদলের ভূমিকা, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট যে ভূমিকা পালন করছে, তা বৈঠকে তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর আমির। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানেও জামায়াতের অবস্থান ও ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে। অতীতে প্রচলিত বিরোধীদলের যে ‘খারাপ অনুশীলন’ ছিল, তা থেকে বেরিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার নীতিগত সিদ্ধান্তের কথা সম্পাদকদের জানিয়েছেন আমির।
তিনি বলেন, সম্পাদকমণ্ডলী জামায়াতের এ নীতির প্রশংসা করেছেন। জামায়াতের বিরোধিতা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক হওয়া উচিত বলেও মতবিনিময়ে আলোচনা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও যাতে দেশ অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে কথা বলা, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত ভূমিকা রাখছে।
এসব বিষয়ে সংসদে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি স্পিকারের কাছ থেকেও ইনসাফপূর্ণ আচরণ প্রত্যাশা করে দলটি। তিনি বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি আমির জামায়াতের প্রথম মতবিনিময়। বৈঠকে গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
বৈঠকে উপস্থিত সম্পাদকদের কয়েকজনের মত তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা ব্যতিক্রমী বলে তারা অভিমত দিয়েছেন। তবে সংসদকে কার্যকর ও গঠনমূলক রাখতে শুধু বিরোধীদলের ভূমিকা যথেষ্ট নয়; সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তারা মত দিয়েছেন।



















