নেপালে আকস্মিক বন্যার নয় দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধার করা হয়।
এতে টানেলের ভেতরে আটকে থাকা অন্যদেরও জীবিত উদ্ধারের আশা জেগেছে। উদ্ধার হওয়া দুজন হলেন— যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক বিভাগের সুপারভাইজার কবির মহার্জন। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি) আইনপ্রনেতা ও প্রকৌশলী শ্রী রাম নেউপানে এ তথ্য জানিয়েছেন। গত ২৬ আগস্ট বন্যার আঘাত হানার পর থেকে তিনি উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন। তিনি জানান, উদ্ধার হওয়া দুই শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের জীবিত উদ্ধারের ঘটনায় টানেলের ভেতরে আটকে থাকা অন্যদেরও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্ধার দুই শ্রমিকের ছবি প্রকাশ করেছে নেপালের সেনাবাহিনী।

















