রাজশাহীর পুঠিয়ায় কয়েকজন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে স্বাধীনভাবে চলাফেরার এক নতুন সুযোগ পেলেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন। উপজেলা পর্যায়ের সামাজিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
তারা জানান, এ সহায়তার ফলে দৈনন্দিন চলাফেরায় তাদের ভোগান্তি কমবে এবং স্বাভাবিক জীবনযাপনে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও সামাজিক উদ্যোগও প্রয়োজন। তাদের অধিকার, মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা জরুরী।





















