গোল করে দলকে সমতায় ফেরানোর পরই বিপদে পড়লেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারচি। অস্ট্রিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে গোল উদযাপনের সময় কর্নার পতাকা হাতে বন্দুক তাক করার ভঙ্গি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ২০ বছর বয়সি এই ফুটবলারকে।
শেষ পর্যন্ত ১০ জনের ইসরায়েলকে ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া। লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫ মিনিটে হেডে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান আবু ফারচি। গোলের পরই কর্নার পতাকার কাছে ছুটে যান আবু ফারচি। পতাকার খুঁটি হাতে তুলে সেটিকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। এর মাত্র চার মিনিট আগেই তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। ফলে উদযাপনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আবু ফারচির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ইসরায়েল। একজন কম নিয়ে শেষ পর্যন্ত অস্ট্রিয়ার চাপ সামলাতে পারেনি তারা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফিলিপ মভেনি গোল করে অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেন। পল ভানারের ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে সাসা কালাইদজিচ কাছ থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন। ফলে আবু ফারচির গোলের পর সমতায় ফিরেও শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইসরায়েল।













