জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ফুলবন গ্রামে গোয়ালঘরের ওয়াল ভেঙে দুটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে মৃত মোতরাজ আলীর ছেলে তানজিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানজিরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের ওয়াল ভাঙা এবং গোয়ালে থাকা দুটি জার্সি জাতের গরু নেই। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা একটি সাদা রঙের পিকআপে করে গরু দুটি শালাইপুর সড়ক হয়ে চানপাড়া-পাঠানপাড়া এলাকার দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।




















