অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছর অক্টোবর মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি অক্টোবরের শুরুতেই প্রবাসী আয়ের গতিতে বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণেও ইতিবাচক ধারা বজায় রয়েছে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকায় প্রবাসী আয়ের এ ধারা ঊর্ধ্বমুখী রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে দেশে প্রবাসী আয় আসার ক্ষেত্রে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।




















