বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের মেধা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।
‘থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগানে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। রোববার (১১ অক্টোবর) প্যারিসের ক্যাফে দ্য লুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের সময়সূচি, লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সামিটের কনভেনার মমিনুল হক। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনআরবি ওয়ার্ল্ড একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।
প্রবাসীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ‘ব্রেইন ড্রেন’ বা মেধা পাচারের পরিবর্তে ‘ব্রেইন গেইন’ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী সামিটে ব্যাবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও প্রবাসী সংযোগের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারক, রাজনীতিক, কূটনৈতিক প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রবাসী পেশাজীবীদের যোগাযোগ বাড়বে এবং নতুন ব্যাবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও অর্জন দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে তারা এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন।
২০১৪ সালে সিঙ্গাপুরে ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’-এর মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে একাধিক সামিট আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের সামিটে অংশ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এ আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দেশের সঙ্গে তাদের ব্যাবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৬ সালের সামিটের ধারাবাহিকতায় ২০২৭ সালে পরবর্তী এনআরবি ওয়ার্ল্ড সামিট ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।




















