সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্হায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর এলাকায় শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮) গুলিবিদ্ধ হয়। আহতদের পরিবারের সদস্যরা জানান গুলিবিদ্ধ আবুল হেকিম ও মিফতা জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলো, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ, ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এলোপাতাড়ি ভাবে গুলিবর্ষণ শুরু করা হয়। এতে আবুল হেকিম ও মিফতা এই দুজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





















