কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন এই তার উদ্ধার করেন।
গত ২২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি তার নজরে আসে। তাদের কাছে বৈদ্যুতিক তার দেখতে পেয়ে তিনি তাদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা সিপাহি সোহাগকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বৈদ্যুতিক মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির সঙ্গে তাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে সিপাহি সোহাগের দৃঢ় অবস্থানের কারণে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থলে বৈদ্যুতিক মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল চুরি হওয়া থেকে রক্ষা পেয়েছে। চুরি, নাশকতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সিপাহি মো. সোহাগ হোসেনের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





















