আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে চীন সরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশটির খুচরা বাজারে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮.৭৬ ডলার) এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান (প্রায় ৩৭.২৭ ডলার) বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির পর চীনে প্রতি লিটার ডিজেলের জন্য গ্রাহকদের প্রায় ৭.৯৬ ইউয়ান (১.১৯ ডলার) দিতে হবে। অন্যদিকে, পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে দাঁড়াবে ৮.২৫ থেকে ৮.৬৮ ইউয়ান (১.২৩ থেকে ১.২৯ ডলার)। এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট চীনে সর্বশেষ জ্বালানির দাম সমন্বয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতির কারণে চীনের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















