চট্টগ্রামের বাঁশখালীতে বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী মিডিয়া এলায়েন্সের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার মো. মুহিব্বুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সদ্য সাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বাঁশখালী মিডিয়া এলায়েন্সের সদস্য ও প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার এবং খালেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুমের জামাতা আরফাত উদ্দিন আস্করী, চট্টগ্রাম জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালীর সহসভাপতি মাওলানা ফয়জুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রিয়াজুল হক রিফাত, পুত্রবধূ তাসনীম ফাতেমা ও নাতনি আরিশা খুশনীন।
বক্তারা বলেন, মরহুম মাওলানা আশেক এলাহী শিক্ষকতা, ইসলামী বয়ান ও হোমিও চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। একজন সৎ, নিরহংকারী, নির্লোভ ও পরহেজগার মানুষ হিসেবে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।





















