কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। নগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ৩৭৯ জনের মধ্যে কারো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সি সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর জেলায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেও পুলিশের এই অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, পুলিশের এ অভিযান কিশোর অপরাধী ও তাদের পরিবারের জন্য একটি বার্তা।
সন্তান যাতে বিপথগামী না হয়, সে জন্য বাবা-মাসহ পরিবারের দায়িত্বশীলদের নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।














