ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ৫ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এছাড়া বিক্ষোভে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছেন অভিভাবক ও শিক্ষাকেরাও। এর ফলে আন্দোলন আরও জোরালো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে আগামী মঙ্গলবার ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছেন শিক্ষকেরা।
অন্যদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন ঘিরে সহিংসতার নিন্দা জানিয়ে বিক্ষোভ উস্কে না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে প্যারিসের দরিদ্র উপশহরগুলোতে শুরু হওয়া এ বিক্ষোভ বৃহস্পতিবার আগামী বছরের জাতীয় বাজেট ঘোষণার পর আরও জোরালো হয়। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ আশানুরূপভাবে না বাড়ায় প্যারিসসহ সবকটি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।





















