কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই এজেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে ম্যাক কম্পিউটারে ফুল ডিস্ক অ্যাকসেস সুবিধার নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে অ্যাপল।
সম্প্রতি মেটার ‘মিউজ’ অ্যাপ নিয়ে এক সাংবাদিক দাবি করেন, তার অনুমতি ছাড়াই অ্যাপটি ব্যক্তিগত বার্তার তথ্য জানতে পেরেছে। তবে মেটা ওই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি ডেস্কটপভিত্তিক এআই এজেন্টের নিরাপত্তা ও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ওপর তাদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। অ্যাপলের ‘ফুল ডিস্ক অ্যাকসেস’ সুবিধাটি মূলত ব্যাকআপসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য তৈরি করা হয়েছিল।
তবে এআই এজেন্টগুলো এখন কম্পিউটারে থাকা ফাইল, বার্তা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য পড়তে এবং বিভিন্ন কাজ পরিচালনা করতে সক্ষম হওয়ায় এ ধরনের প্রবেশাধিকারের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল। অ্যাপলের তথ্যমতে, ‘ফুল ডিস্ক অ্যাকসেস’ চালু করলে কোনো অ্যাপ কম্পিউটারের ফাইল, মেইল, বার্তা এমনকি ব্রাউজিং ইতিহাসেও প্রবেশের অনুমতি পেতে পারে।
মিউজের মতো কিছু এআই অ্যাপ ব্যবহারকারীর ঐচ্ছিক অনুমতির মাধ্যমে এই সুবিধা ব্যবহার করতে পারে। অ্যাপল জানিয়েছে, কিছু ডেভেলপার এমনভাবে ‘ফুল ডিস্ক অ্যাকসেস’ ব্যবহার করছেন, যাতে ব্যবহারকারীরা পুরো বিষয় না বুঝেই তাদের কম্পিউটারের প্রায় সব তথ্যের প্রবেশাধিকার কোনো অ্যাপকে দিয়ে ফেলতে পারেন। তাই ভবিষ্যতে এ ধরনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আরও স্পষ্ট ও কঠোর ব্যবহারকারী পদক্ষেপের প্রয়োজন হবে।
প্রতিষ্ঠানটির মতে, এআই এজেন্ট যত বেশি সক্ষম ও স্বয়ংক্রিয় হয়ে উঠছে, কম্পিউটারের এত বিস্তৃত তথ্যের প্রবেশাধিকারের ঝুঁকিও তত বাড়ছে। নতুন নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো অ্যাপকে এ ধরনের বিশেষ অনুমতি দেওয়ার আগে ব্যবহারকারীরা যেন ঝুঁকি ও তথ্যের ব্যবহার সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারেন, সেটিই নিশ্চিত করতে চায় অ্যাপল। এর আগে ওয়্যারডের এক প্রতিবেদনে চ্যাটজিপিটির ম্যাক অ্যাপে থাকা একটি ত্রুটির কথাও উঠে আসে, যার মাধ্যমে হ্যাকাররা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছিল।
এসব ঘটনার পর ডেস্কটপে কাজ করা এআই এজেন্টগুলোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।





















