তোমাদের আজ বরফে ঢাকা এক পাহাড়ের চমৎকার গল্প বলি। গল্পটি হিমালয় পর্বতমালার মেঘের অনেক ওপরে থাকা একটি ছোট্ট ইয়েতি গ্রামের। সেখানকার অধিবাসীরা আমাদের মতো মানুষ নয়, বরং সাদা বরফের মতো ঘন লোমে ঢাকা বিশাল আকারের ইয়েতি।
তারা বিশ্বাস করত যে পুরো পৃথিবীতে তারা ছাড়া আর কোনো বুদ্ধিমান প্রাণী নেই। আর স্মলফুট বা মানুষ নামের ছোট পায়ের প্রাণীদের তারা মনে করত কেবলই অবাস্তব কাল্পনিক রূপকথা! সেই গ্রামের নেতা ছিলেন স্টোনকিপার নামের এক ইয়েতি। তার কাছে থাকা প্রাচীন কিছু পবিত্র পাথরে এসব অদ্ভুত আইন লেখা ছিল। সেই গাঁয়ে সরল ও দয়ালু এক তরুণ ইয়েতি ছিল। তার নাম মিগো।
একদিন সকালে দুর্ঘটনাবশত আকাশ থেকে একটি উড়োজাহাজ ভেঙে পড়তে দেখে মিগো। সে অবাক হয়ে খেয়াল করে, সেই ভাঙা বিমান থেকে একজন মানুষ বের হয়ে আসে! মিগো চোখ কপালে তুলে স্মলফুটকে দেখে ফেলে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রচ- বাতাসে সেই মানুষটি পাহাড়ি মেঘের নিচে তলিয়ে যায়। খুশিতে আত্মহারা মিগো দ্রুত গ্রামে ফিরে এসে সবাইকে জানায় যে সে সত্যি স্মলফুট দেখেছে।
কিন্তু তাদের নেতা স্টোনকিপার দাবি করেন মিগো মিথ্যা বলছে, কারণ পবিত্র পাথরে লেখা আছে স্মলফুট বলে কিছু নেই। পাথরের প্রাচীন নিয়ম অমান্য করার অপরাধে মিগোকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর গ্রাম থেকে বিতাড়িত মিগোর সঙ্গে দেখা হয় মিচি নামের স্বাধীনচেতা এক ইয়েতির সঙ্গে। মিচি ছিল খোদ নেতা স্টোনকিপারেরই মেয়ে। জানা যায়, মিচি আর তার কিছু বন্ধু মিলে গোপনে স্মলফুট এভিডেনশিয়ারি সোসাইটি নামের একটি দল গড়ে তুলেছিল, যারা বিশ্বাস করত মেঘের নিচে মানুষের এক মস্ত জগৎ রয়েছে।
মিচির উৎসাহে মিগো সিদ্ধান্ত নেয় সে পাহাড় থেকে মেঘের নিচে নেমে মানুষ খুঁজে বের করে সত্যিটা সবার সামনে প্রমাণ করবে। যেই কথা, সেই কাজ! মিগো একটি লম্বা দড়ির সাহায্যে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে এবং একসময় গিয়ে পড়ে মানুষের জগতে! সেখানে গিয়ে মিগোর সঙ্গে দেখা হয় পার্সি প্যাটারসন নামের একজন নির্মাতার সঙ্গে, যে তার জনপ্রিয়তাহীন শো নিয়ে খুব চিন্তিত ছিল।
পার্সিকে দেখে মিগো মহা আনন্দে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু মিগোর বিশাল চেহারা দেখে পার্সি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মিগো কোনো উপায় না পেয়ে অজ্ঞান পার্সিকে একটি কাপড়ের ব্যাগে পুরে আবার নিজের পাহাড়ে বরফের গায়ে ফিরে আসে। পাহাড়ে ওঠার পথে তুষারঝড় শুরু হলে তারা একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে পার্সিকে হিংস্র ভাল্লুকের হাত থেকে বাঁচায় মিগো, আর পার্সিও মিগোর পায়ে আটকে যাওয়া একটি লোহার ফাঁদ খুলে দিয়ে তাকে সাহায্য করে।
দুজনেই বুঝতে পারে যে তারা কেউ কারো শত্রু নয়, আর এভাবেই একটি বিশাল ইয়েতি ও খুদে মানুষের মধ্যে মিষ্টি এক বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এক পর্মিযায়ে মিগো পার্সিকে নিয়ে গ্রামে ফিরলে অন্য ইয়েতিরা তো অবাক! কিন্তু এতে চিন্তিত হয়ে পড়েন গ্রামের প্রধান স্টোনকিপার। তিনি মিগোকে একটি গোপন গুহায় নিয়ে গিয়ে তাদের সমাজের করুণ ইতিহাস শোনান। বহু বছর আগে ইয়েতিরা মানুষের সঙ্গেই নিচে থাকত, কিন্তু নিষ্ঠুর মানুষেরা তাদের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করত বলে নিজেদের বাঁচাতে তারা উঁচু পাহাড়ে লুকিয়ে আসে।
ইয়েতিদের সুরক্ষার খাতিরেই তারা মানুষের অস্তিত্বের গল্প গোপন রাখতে বান বানিয়ে পাথরের নিয়ম তৈরি করেছিলেন। মিগো বুঝতে পারে যে ইয়েতিদের রক্ষা করা দরকার। তাই সে অনিচ্ছাসত্ত্বেও সবার সামনে মিথ্যা বলে যে পার্সি আসলে কোনো মানুষ নয়, বরং লোমহীন একটি বুনো চামরি গাই! এতে পার্সি কষ্ট পায়, তবে আসল গোলমাল বাধে যখন মিচি পার্সিকে সুস্থ করতে গোপনে পাহাড় থেকে নিচে মানুষের শহরে নিয়ে যায়।
মিগোও বন্ধুদের নিয়ে মিচির পিছু পিছু নিচে ক্যালিফোর্নিয়া ও নেপালের কাঠমান্ডু শহরের মতো জনবহুল জায়গায় নেমে আসে। সেখানে গিয়ে তারা দেখে মানুষও ইয়েতিদের রক্তচোষা ভয়ংকর দানব মনে করে নিজেদের দেওয়ালে ছবি এঁকে রেখেছে! শহরের পুলিশ ইয়েতিদের ধাওয়া করলে শহরের রাস্তায় বড় বিশৃঙ্খলা তৈরি হয়। সেসময় ইয়েতি বন্ধুদের বাঁচাতে পার্সি একটি বুদ্ধি বের করে।
সে ইয়েতির একটি নকল পোশাক পরে পুলিশের সামনে এসে নাটক সাজায় যে এতক্ষণ ইয়েতি বলতে যা দেখা যাচ্ছিল তা আসলে তার সাজানো প্রচারণা মাত্র। পার্সির এই মহৎ মিথ্যার কারণে ইয়েতিরা নিরাপদে পাহাড়ে ফিরে যেতে পারে। পাহাড়ে ফিরে মিগো সব ইয়েতিদের কাছে নিজের ভুল স্বীকার করে এবং সবাইকে বোঝায় যে, না চিনে ভয় পাওয়ার চেয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ভয় দূর করাই বুদ্ধিমানের কাজ।
মিগোর কথায় সাহস পেয়ে পুরো ইয়েতি সমাজ পাহাড় ছেড়ে নিচে নেমে আসে। পার্সি ও তার বন্ধু ব্রেন্ডা ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে হাত বাড়ালে মানুষ ও ইয়েতিদের মাঝের দীর্ঘদিনের ভয় কেটে যায়। সবাই আনন্দে মেতে ওঠে এবং দুই জগতের মধ্যে নতুন ও সুন্দর সুসম্পর্কের সূচনা হয়। এই চমৎকার গল্পটি ছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্মলফুট’ নামের জনপ্রিয় অ্যানিমেটেড মিউজিক্যাল কমেডি সিনেমার।
এটি যৌথভাবে প্রযোজনা করেছে ওয়ার্নার অ্যানিমেশন গ্রুপ ও জাফটিগ ফিল্মস, পরিবেশন করেছে ওয়ার্নার ব্রাদার্স। বিখ্যাত চিত্রশিল্পী সের্গিও পাবলোসের অপ্রকাশিত শিশুতোষ বই ‘ইয়েতি ট্র্যাকস’-এর ওপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়। চমৎকার এই ছবিটি পরিচালনা ও যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন ক্যারে কার্কপ্যাট্রিক। বিশাল বাজেটে তৈরি এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ২১৪ মিলিয়ন ডলার আয় করার পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়ায়।
ছবিটির গান ও সুর দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে বরফে ঢাকা পাহাড়ের মনকাড়া অ্যানিমেশন আর ইয়েতিদের মিষ্টি জীবনের দৃশ্যগুলো ছোট-বড় সবাইকে এক মায়াবী জগতে নিয়ে যায়। সোনামণিরা, ‘স্মলফুট’ সিনেমার গল্পটি আমাদের খুব সুন্দর একটি শিক্ষা দিয়ে যায়। অনেক সময় আমরা কোনো কিছু না জেনে বা না বুঝে কেবল অন্যের কথায় বিশ্বাস করে ভয় পেয়ে থাকি।
কিন্তু সত্যিটা জানার জন্য প্রশ্ন করা এবং নিজের চোখে দেখা খুব দরকার। আর অচেনা কাউকে না চিনে বা না বুঝে ভয় পাওয়ার বদলে ভালোবাসার হাত বাড়িয়ে দিলে যেকোনো বড় ভুল বোঝাবুঝি দূর করে সুন্দর এক পৃথিবীর সৃষ্টি করা যায়।





















