ব্যক্তিগত এআই এজেন্ট মিউজকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের সুযোগ তৈরি করছে মেটা। ভ্রমণ বুকিং, বিভিন্ন ফরম পূরণ কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজ ব্যবহারকারীর হয়ে করতে পারে মিউজ।
এবার নিজেদের তৈরি হার্ডওয়্যারের সঙ্গে মিউজ যুক্ত করার সুযোগ দিতে ‘মিউজ গ্যাজেটস’ নামে নতুন একটি ওপেন সোর্স প্রকল্প চালু করেছে মেটা। নতুন প্রকল্পের মাধ্যমে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মিউজের সঙ্গে যুক্ত হওয়ার মতো হার্ডওয়্যার তৈরি করতে পারবেন। মেটা এ জন্য ওপেন সোর্স ফার্মওয়্যার এবং লিনাক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) দিচ্ছে।
পাশাপাশি প্রকল্প শুরু করার জন্য কয়েকটি ধারণাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে মিউজের সঙ্গে রঙিন ই-ইঙ্ক ডিসপ্লে যুক্ত করা কিংবা টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা যায়Ñ এমন ডিভাইস তৈরির ধারণা রয়েছে। কম খরচের রাস্পবেরি পাই বা বাজারে পাওয়া ঊঝচ৩২ বোর্ড ব্যবহার করেও এসব গ্যাজেট তৈরি করা যাবে। মেটার তথ্যমতে, ব্যবহারকারীরা নিজেদের তৈরি ডিভাইসের সঙ্গে বিভিন্ন ডিসপ্লে, বোতাম, সেন্সর ও অ্যাকচুয়েটর যুক্ত করতে পারবেন।
এ জন্য ব্যবহারকারীদের সহায়তা দিতে একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে প্রতিষ্ঠানটি। মেটা ইতোমধ্যে নিজেদের উদ্যোগে ‘মিউজ হোম লিংক’ নামে একটি ডিভাইস তৈরি করেছে। ইউএসবি-সি দিয়ে চালিত এই ডিভাইসের মাধ্যমে মিউজকে ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। ফলে একই নেটওয়ার্কে থাকা স্মার্ট স্পিকার, স্মার্ট টিভিসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে মিউজ যোগাযোগ করতে পারে।
মেটার সুপারইনটেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান ন্যাট ফ্রিডম্যান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি হোম লিংকের পাঁচ হাজার ইউনিট তৈরি করেছে। মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত বিনা মূল্যে ডিভাইসটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মিউজ গ্যাজেটস প্রকল্পের মাধ্যমে মেটা মূলত মিউজকে শুধু একটি চ্যাটবট হিসেবে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ডিভাইস ও ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত করতে চাইছে।
এর পাশাপাশি ছোট ব্যবসা ও করপোরেট গ্রাহকদের কাছেও মিউজের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ‘মিউজ ফর স্মল বিজনেস’ চালু করেছে মেটা। এর মাধ্যমে সীমিত ব্যবহারের জন্য বিনা মূল্যে মিউজ ব্যবহার করা যাবে এবং শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবার সঙ্গে এটি যুক্ত করা যাবে। ব্যাবসায়িক গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামে নতুন একটি ব্যাবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।





















