জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
এবারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে দেশের জলবায়ু অবস্থান ও দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দেয়া প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের দাবি জানাবে ঢাকা।




















