-
ইউএসটিআরের প্রস্তাবের ফলে নতুন করে শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন।
-
এখন বাংলাদেশের ওপর গড় শুল্ক ২৫%। এর সঙ্গে নতুন শুল্ক যোগ হতে পারে।
বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করে দেয় এমন সব শিল্প কৌশলের মোকাবিলা করতে নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।
বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার আওতায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
গত মার্চ মাস থেকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের একাধিকবার শুনানি করা হয়। তদন্ত শেষে গতকাল বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসটিআর।
ইউএসটিআরের দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক হিসেবে বিবেচিত হয়েছে। সেগুলো হলো শিল্প খাতের পরিকল্পনার মাধ্যমে উৎপাদন খাত ধরে রাখা ও সম্প্রসারণ করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্পে; উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা দেওয়া; শ্রমিকের অধিকার ও সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়া; আর্থিক খাতে এমন নীতি অনুসরণ করা, যা বাজারব্যবস্থাকে বাধাগ্রস্ত করে; বিশ্বে অতিরিক্ত উৎপাদন ও উৎপাদনক্ষমতা মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়া। এসবের কারণে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ কমছে; যুক্তরাষ্ট্রে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতা বাড়াসহ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তৈরি পোশাক ও পোশাকশিল্পে এর প্রভাব বিশেষভাবে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের বিষয়ে ইউএসটিআর বলেছে, বাংলাদেশের কিছু পণ্যে ছাড় দিয়ে বাকি সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের কিছু বাণিজ্যিক নীতি ও কর্মকাণ্ড পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই প্রস্তাবের ফলে বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তবে এর আগে প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় এ বিষয়ক শুনানির আগে এই শুল্ক কার্যকর হবে না।
বর্তমানে বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক দাঁড়িয়েছে ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা বিদ্যমান হারের সঙ্গে যোগ হবে।
বিশেষজ্ঞরা যা বলছেন
জানতে চাইলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পরও ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতিবিরোধী। কারণ, একটি কারখানার মালিক তাঁর রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক। যদি আরোপও করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা তা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চাইবেন।
নতুন করে শুল্ক আরোপ হলে বাংলাদেশের শিল্প খাত চাপে পড়বে বলে মনে করেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি আমিরুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই সিমেন্ট শিল্পের ওপর শুল্ক-কর বেশি। এখন যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক আরোপ হলে তা এই শিল্পের ওপর চাপ বাড়াবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে ভুল-বোঝাবুঝি হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র আমাদের জন্য নতুন অর্থায়নের পথ খুলছে, অন্যদিকে বাড়তি শুল্ক আরোপ করছে।’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এই নতুন শুল্ক আরোপ করা হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে।
নতুন করে শুল্কের প্রস্তাব নিয়ে কংগ্রেসেও বিরোধ তৈরি হতে পারে বলে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন। শুল্কের খবরে শেয়ারবাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিনিয়োগকারীদের আশা কমে যাওয়ায় গতকাল বাজার খোলার আগে শেয়ারের দাম কমার আভাস ছিল।




















