কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার জব্দ এবং দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা। রোববার (২৩ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজার কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন। তল্লাশিতে তাদের বহন করা একটি ব্যাগ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণগুলো বাংলাদেশে এনে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল।
তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও স্বীকার করেছেন। কোস্ট গার্ড জানায়, এ চোরাচালান চক্রের অন্যান্য সদস্য ও সহযোগীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।




















