চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রেখে ঐক্যবদ্ধভাবে খেলাধুলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসরাফিল খসরু।
শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের হারানো স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলার উন্নয়নে মাঠ, অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য লীগের কার্যক্রম পুনরায় চালু করতে হবে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে সুবিচার, সহনশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছর পরিকল্পিতভাবে কাজ করতে পারলে চট্টগ্রামকে দেশের একটি আদর্শ স্পোর্টস ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলা সম্ভব। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে ইসরাফিল খসরু জানান, অর্থমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
জেলা স্টেডিয়াম কোনো নির্দিষ্ট খেলার জন্য বরাদ্দ দেওয়া হবে না; বরং এটি সব ধরনের ক্রীড়া ও অন্যান্য ইভেন্টের জন্য উন্মুক্ত রাখা হবে। মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা বক্তব্য দেন।

















