বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
বিসিবিএল-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও বিমান চলাচলবিষয়ক বিদেশি ভাষা বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডং হো কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিসিবিএল-এর বিভিন্ন বিভাগের প্রধানসহ ড. মো. আব্দুল্লাহ আল ফারুক এবং রেজওয়ান শোভন এন্ডো কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে হানসিও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে পারস্পরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। চুক্তির আওতায় হানসিও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ও পেমেন্ট সেবা প্রদান, শিক্ষা-সংক্রান্ত আর্থিক লেনদেন সহজীকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে।
বিসিবিএল ও হানসিও বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ দুই দেশের শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পরিবারের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


















