পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ক্রমেই বাড়তে থাকা রাজনৈতিক চাপের মুখে পড়েছে। বিরোধী দলগুলো সংসদের ভেতরে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের দিকে এগোচ্ছে। একই সময়ে সরকারের প্রধান মিত্র পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে মতবিরোধও ক্রমশ গভীর হচ্ছে।
জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, বিরোধী দলগুলো সংসদে নিজেদের কৌশল সমন্বয় করে সরকারের বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান তুলে ধরতে সম্মত হয়েছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই, সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস এবং অন্যান্য বিরোধী নেতার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফজলুর রহমান।
তিনি বলেন, বিরোধী দলগুলো সংসদের ভেতরে সমন্বিতভাবে কাজ করবে এবং একটি অভিন্ন কৌশল প্রণয়ন করবে। প্রস্তাবিত এই জোট কীভাবে কার্যকর হবে, তা নির্ধারণে আরও আলোচনা হবে। আগামী দিনগুলোতে বিরোধী দলগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফজলুর রহমান অভিযোগ করেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরকার জনগণকে বিভ্রান্ত করছে।
বিরোধীরা দেশের ‘প্রকৃত চিত্র’ জনগণের সামনে তুলে ধরতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, সরকারের প্রধান মিত্র পিপিপির সঙ্গে মতবিরোধ বাড়তে থাকায় শাহবাজ শরিফ সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ছে। বিরোধীদের সম্ভাব্য ঐক্য সংসদে সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।





















