বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক ও বিশ্বমানের ক্রীড়াঙ্গন গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড ও মালয়েশিয়ার ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ল্যাভিস প্রাইভেট লিমিটেড।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি অংশীদারত্ব চুক্তি হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এর মধ্য দিয়ে দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নেও সহযোগিতা করবে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায় ইন্টারস্পিড ও ল্যাভিস যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য একটি মাল্টিপারপাস ক্রীড়াঙ্গনের নকশা ও পরিকল্পনা প্রণয়ন করবে।
প্রস্তাবিত এই ক্রীড়াঙ্গনে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা, বড় ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেডের ডিরেক্টর আদনান করিম এবং ল্যাভিস প্রাইভেট লিমিটেডের ডাটুক জ্যাক কোহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আদনান করিম বলেন, এই চুক্তি দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ল্যাভিসের সঙ্গে মিলে আমরা এমন একটি আধুনিক স্থাপনা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যতে ক্রীড়াবিদ, ক্রীড়া ফেডারেশন এবং দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য দীর্ঘদিন কাজে আসবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি আধুনিক ও মাল্টিপারপাস ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। একই সঙ্গে এটি দেশের ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বড় ধরনের ক্রীড়া আয়োজন ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার উপযোগী স্থান হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করবে।
১৯৬৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম অগ্রণী বিজ্ঞাপন ও বিপণন সংস্থা হিসেবে টেলিযোগাযোগ, বিমান চলাচল, এফএমসিজি এবং অন্যান্য খাতের গ্রাহকদের জন্য ব্র্যান্ড অ্যাক্টিভেশন, স্পোর্টস পার্টনারশিপ ও সমন্বিত বিপণন কর্মসূচি নিয়ে কাজ করে আসছে।



















