আজ থেকে বঙ্গভবন অধ্যায় শুরু করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠেছেন তিনি।
সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রবেশের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা।
দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি।
এরপর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
এবার রাষ্ট্রপতি হিসেব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রমের নতুন পর্ব শুরু। ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ির পর বঙ্গভবন পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় কঠিন পথ পাড়ি দিতে হয় বর্ষীয়ান এই রাজনীতিককে।

















