ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার লহুচাঁদ গ্রামের ভ্যানচালক মো. রাজু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দুই মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি।
মো. রাজু পেশায় একজন ভ্যানচালক। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দুর্ঘটনার পর পা ভেঙে যাওয়ায় ভ্যান চালানো বন্ধ হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে তাঁর একমাত্র আয়ের পথ। এতে পরিবারটি চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তাঁর শারীরিক অবস্থারও কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন মো. রাজু। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সবার প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
















