গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আরও উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি।
রোববার দুপুরে গাজীপুরের পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
পুলিশ সুপার বলেন, গত ২০ আগস্ট বিকেলে মির্জানগর থেকে অটোরিকশা নিয়ে বের হন ৬০ বছর বয়সী আতাউর রহমান। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা কেনা ও হেফাজতে রাখার অভিযোগে দোকান মালিক কিবরিয়াকেও গ্রেপ্তার করা হয়।
পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তার আরও বলেন, আদালতে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূলত ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে উঠে এসেছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নিহত আতাউর রহমানের মা জহুরা খাতুন। একই পরিবারের মা-ছেলের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















