গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা মো. জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় পরপর দুই থেকে তিনটি গুলির শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি।
জজ মিয়ার ভাষ্য, শনিবার রাতে ব্যবসায়িক কাজে তিনি কার্যালয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্য করেন। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিনটি গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পর তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। জজ মিয়া বলেন, গুলির শব্দ ও তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।
এতে তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানার ময়লা পানির ঠিকাদারি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা দরকার। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।





















