শুল্ক ও আবগারি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের ১০ জন যুগ্ম কমিশনারকে অতিরিক্ত কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গত ২৩ আগস্ট এ আদেশ কার্যকর করা হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন—সুমন দাশ (পরিচিতি নম্বর ৩০০১৮৩), মো. জাহিদুল ইসলাম (৩০০১৯২), মো. জাহাঙ্গীর আলম (৩০০১৯৪), মো. শাফায়েত হোসেন (৩০০১৯৭), মো. মাহেদুল হক (৩০০১৯৮), ইসরাত জাহান রুমা (৩০০২০৩), মো. পায়েল পাশা (৩০০২০৪), মো. রিয়াদুল ইসলাম (৩০০২১০), প্রীথা বিশ্বাস (৩০০২১৪) ও মো. আল-আমিন (৩০০২১৬)।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তা বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের অতিরিক্ত কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী পরবর্তী ছয় মাসের জন্য কার্যভারভাতা পাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাঁদের বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন চলতি দায়িত্বে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, অতিরিক্ত কমিশনার পদে এ চলতি দায়িত্ব কোনো নিয়মিত পদোন্নতি হিসেবে গণ্য হবে না। ফলে এ দায়িত্বের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতে নিয়মিত পদোন্নতি, জ্যেষ্ঠতা বা অন্য কোনো সুবিধার দাবি করতে পারবেন না। কাস্টমস প্রশাসনে অতিরিক্ত কমিশনার পর্যায়ের দায়িত্ব গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন এ দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষ করে রাজস্ব আহরণ, শুল্ক ব্যবস্থাপনা ও চোরাচালান প্রতিরোধে মাঠপর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদের এ দায়িত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রজ্ঞাপনে চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে নির্ধারিত শর্ত ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের কথাও উল্লেখ করা হয়েছে।



















