নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক কলেজ ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা। জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে জনমনে ওঠে নানা আলোচনা ও সমালোচনা। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতা জিএম মাশরাফির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।



















