যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
খবর এনবিসি নিউজের। ন্যাশনাল পার্ক সার্ভিস অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন এলাকায় হাইকিংয়ে থাকা যে কারও তথ্য প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে তারা। পাশাপাশি ফ্যান্টম র‌্যাঞ্চ বা ব্রাইট এঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকা ক্যাম্পারদের খোঁজও নেয়া হচ্ছে। এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের অনুসন্ধানে কাজ করছেন কর্মকর্তারা।
এর আগে রোববার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। ওই সময় পর্যন্ত ফ্যান্টম র‌্যাঞ্চ এবং নর্থ কাইবাব ট্রেইলের নিম্নাঞ্চল থেকে ৬২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়েছে। ফলে খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু ব্রিজ বন্ধ রাখা হয়েছে। ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।
এদিকে পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।




















