ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট অতিক্রম করেছিল। এরপরই ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর ওই বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে বলে জানায় তারা। পিডিবির কর্মকর্তারা জানান, ১৬ হাজার মেগাওয়াটের চাহিদার বিপরীতে মোট উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট থেকে ১৩ হাজারে নেমে এসেছে। আদানির বন্ধ ইউনিটটি চালু হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানায় সংস্থাটি।





















