‘জ্ঞানের আলোয় ছুটবো, ফুলের মত ফুটবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সমাজসেবক আফছার আলী।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন মহলদারের সভাপতিত্বে এবং শিক্ষক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান,উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী,উপদেষ্টা শাহাদত হোসেন,উপদেষ্টা প্রধান শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মডেল মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক আশরাফুল আলম,পরিচালক শিক্ষক রেজওয়ান আলী, শিক্ষক জয়নাল বানু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রুস্তম, এসোসিয়েশনের সদস্য সচিব অজিত কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এসোসিয়েশনের সদস্যবৃন্দ, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে মোট ৪টি গ্রেডে মেধা তালিকায় উত্তীর্ণ ৪৪৩ জন শিক্ষার্থীর হাতে নগদ শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর মধ্যে রয়েছেঃ ট্যালেন্টপুল: ৮৩ জন,জেনারেল: ১২০ জন, প্রাতিষ্ঠানিক: ৭১ জন,শুভেচ্ছা বৃত্তি: ১৬৯ জন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ভালো পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।













