গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন এলাকায় বিস্ফোরণের পর একটি আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রিক ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অ্যাক্রোপলিস এবং টেম্পল অব জিউসসহ এথেন্সের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানের কাছাকাছি এলাকা প্লাকায় বিস্ফোরণটি ঘটে।
এতে দোতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়ে এবং তিনজন আহত হন। বিস্ফোরণের কারণে আশপাশের ঘরবাড়ি, দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসাবশেষ ও ভাঙা কাচ প্রায় তিন ব্লক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভারী সরঞ্জাম নিয়ে জরুরি উদ্ধারকারী দল, উদ্ধারকারী কুকুরের সাহায্যে একটি ফ্ল্যাটের বয়োবৃদ্ধ দম্পতি এবং অন্য একটি ফ্ল্যাটে থাকা চারজন পর্যটকের সন্ধানে তল্লাশি শুরু করে।
ফায়ার ব্রিগেডের কর্মকর্তা জানান, ভবনটির ভাঙা টাইলস ও কংক্রিটের ট্রাঙ্ক অপসারণের সময় এক পুরুষ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে গৃহস্থালি সরঞ্জাম ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। শনিবার দেশটির পাবলিক ব্রডকাস্টার ইআরটি-কে পুলিশ মুখপাত্র কনস্ট্যান্টিনা ডিমোগ্লিডু বলেন, ‘ভবনটির বেশিরভাগ অংশ ধসে পড়ায় এবং নিরাপত্তার স্বার্থে খালি করে নেয়া পার্শ্ববর্তী ভবনগুলোতে ঝুঁকির সৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।
’ পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ চার পর্যটক মূলত দুই মার্কিন দম্পতি। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট ধরার কথা ছিল, তবে তারা নির্ধারিত সময়ে পৌঁছাননি।













