বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাইতুল মামুর জামে মসজিদ ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার রামনগর বাইতুল মামুর জামে মসজিদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এরআগে মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মসজিদের সামনে গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্রবার জুমার নামাজ চলাকালে ওই গ্রামের আবুল কালাম ও তার লোকজন অতর্কিতভাবে মসজিদে হামলা চালান। এ সময় মুসল্লিদের মারধর, মসজিদ ভাঙচুর ও মাইক, ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রামনগর গ্রামের সোহরাব আলী, ফরিদুল ইসলাম, চান মিয়া, তাসলিমা খাতুন ও শরিমা বেগম। উল্লেখ্য, গত ২০০১ সালে নির্মিত মসজিদটি নির্ধারিত জায়গার প্রায় ২০০ মিটার দূরে নির্মাণ করা হয়। পরে নির্ধারিত জায়গায় ২০২১ সালে আরেকটি মসজিদ নির্মাণ করা হলে বিরোধ আরও তীব্র হয়।
এ ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ২০২১ সালে নির্মিত মসজিদটিতে ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী। এ সময় আহত ৯ জন আহত হন।













