অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের অধিকাংশ টিকিট হাওয়া হয়ে যাচ্ছে। রেলওয়ের নির্ধারিত মূল্যে টিকিট না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করে খালি হাতে ফিরছেন সাধারণ যাত্রীরা।
অনলাইনেও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এ অবস্থায় টিকিট কালোবাজারি ও মজুতদারির পেছনে সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান। গতকাল বুধবার থেকে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আন্তঃনগর ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়া স্বাভাবিক নয়।
এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র টিকিট মজুত করে রাখছে কি না, কালোবাজারির মাধ্যমে তা বিক্রি করা হচ্ছে কি না এবং পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা কারসাজি রয়েছে কি না— তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘মিস মামলা’ নং-০১/২০২৬ দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ সুপার, পিবিআই সিলেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পিবিআই সিলেটের এসআই আব্দুল আহাদ মামলাটি তদন্ত করছেন। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন। সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, আন্তঃনগর ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ সারি। উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসের টিকিট পেতে অনেকেই সকাল থেকে অপেক্ষায় আছেন। কাউন্টারে দাঁড়িয়েও অনেকে টিকিট পাচ্ছেন না।
অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও একই ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হলেও মুহূর্তের মধ্যে অধিকাংশ আসন ‘বিক্রি’ বা ‘সংরক্ষিত’ দেখায়। অনেক সময় ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার পর আসন নির্বাচন করা গেলেও পরবর্তী ধাপে গিয়ে টিকিট পাওয়া যায় না।
কখনো অর্থ পরিশোধের পর্যায়ে গিয়েও লেনদেন সম্পন্ন হয় না। ফলে টিকিট পাওয়ার আগেই নির্ধারিত আসন শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে নিয়মিত ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, হাজার হাজার মানুষ যখন একই সময়ে টিকিটের জন্য অনলাইনে চেষ্টা করছেন, তখন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই কীভাবে একটি ট্রেনের প্রায় সব টিকিট শেষ হয়ে যায়?
যদি প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা অতিরিক্ত চাপের কারণে এমনটি হয়, তাহলে রেলওয়ের পক্ষ থেকে এর স্বচ্ছ ব্যাখ্যা থাকা প্রয়োজন। আর যদি কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র কৃত্রিমভাবে টিকিট সংকট তৈরি করে থাকে, তাহলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যাত্রীরা। টিকিট না পেয়ে শেষ পর্যন্ত অনেক যাত্রীকে কালোবাজারিদের দ্বারস্থ হওয়ার অভিযোগও রয়েছে।
যাত্রীদের ভাষ্য, নির্ধারিত মূল্যের টিকিটের জন্য অনলাইনে বা কাউন্টারে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত দামে টিকিটের প্রস্তাব আসে। অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মূল দামের দ্বিগুণ কিংবা তিন গুণ পর্যন্ত টাকা দাবি করা হয়। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থে টিকিট কিনছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
তবে এসব অভিযোগের প্রকৃত চিত্র কী, টিকিট বিক্রির ব্যবস্থাপনায় কোনো কারসাজি রয়েছে কি না কিংবা কোনো চক্র পরিকল্পিতভাবে টিকিট সংগ্রহ করে পরে বেশি দামে বিক্রি করছে কি না— এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপর নির্ভর করছে। আদালতের স্বপ্রণোদিত মামলার তদন্তে এ বিষয়গুলোই গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্টেশনের কাউন্টার বা অনলাইনে টিকিট বিক্রির দৃশ্যমান অংশ দেখলেই সমস্যার সমাধান হবে না।
টিকিট বিক্রির পুরো ডিজিটাল ব্যবস্থাপনা, সার্ভারে লগইন ও লেনদেনের তথ্য, কোন অ্যাকাউন্ট থেকে কত টিকিট কেনা হয়েছে, একই ব্যক্তি বা ডিভাইস থেকে অস্বাভাবিকসংখ্যক টিকিট কেনার ঘটনা ঘটেছে কি না এবং পরে সেসব টিকিট কোথায় বা কীভাবে ব্যবহৃত হয়েছে— এসব তথ্য বিশ্লেষণ করা প্রয়োজন। একই সঙ্গে কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে কারা যুক্ত, তাদের সঙ্গে রেলওয়ের কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা জরুরি।
সিলেটের মতো পর্যটননির্ভর একটি অঞ্চলে ট্রেনের টিকিট সংকটের প্রভাব শুধু যাত্রীদের ভোগান্তিতেই সীমাবদ্ধ থাকছে না। পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সিলেটে আসেন। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার, জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল, লালাখালসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে যেতে অনেকেই ট্রেনকে তুলনামূলক সাশ্রয়ী ও আরামদায়ক যোগাযোগমাধ্যম হিসেবে বেছে নেন।
ট্রেনের টিকিট সহজে না পাওয়ায় অনেকে শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেন। এতে পর্যটকদের পাশাপাশি হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পর্যটন পরিবহন ও স্থানীয় ব্যবসার ওপরও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে টিকিটের চাহিদা বেড়ে গেলে কালোবাজারি আরও সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়। যাত্রীদের মতে, অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালুর অন্যতম উদ্দেশ্য ছিল টিকিট কেনার ক্ষেত্রে ভোগান্তি কমানো এবং কালোবাজারি বন্ধ করা।
কিন্তু অনলাইনেও যদি টিকিট পাওয়া না যায় এবং পরে একই টিকিট অতিরিক্ত দামে বাজারে পাওয়া যায়, তাহলে ডিজিটাল ব্যবস্থার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে। এ অবস্থায় আদালতের স্বপ্রণোদিত মামলাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, তদন্তে শুধু কালোবাজারে টিকিট বিক্রির প্রমাণ খোঁজা নয়, বরং টিকিট সরবরাহ ও বিক্রির পুরো প্রক্রিয়ার দুর্বলতা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে চিহ্নিত করা হবে।
একই সঙ্গে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থায় কোনো কারিগরি বা প্রশাসনিক দুর্বলতা থাকলে সেটিও শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ যাত্রীদের দাবি, তদন্তে যদি টিকিট কালোবাজারি বা মজুতদারির প্রমাণ পাওয়া যায়, তাহলে শুধু মাঠপর্যায়ের বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না; এর পেছনে থাকা মূল হোতা, টিকিট সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি এবং কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ যাত্রীর টিকিট পাওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, টিকিট বিক্রির ক্ষেত্রে রেলওয়ের নির্ধারিত নিয়মই অনুসরণ করা হচ্ছে। অনলাইনে টিকিট বিক্রির বিষয়টি কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। যাত্রীদের চাপ বেশি থাকায় টিকিট বিক্রির সময় অনেকে একসঙ্গে চেষ্টা করেন, ফলে দ্রুত আসন পূরণ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে কালোবাজারির অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন এবং এ ধরনের কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।





















