বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনে (বিএসএফআইসি) দীর্ঘদিন ধরে কৃষি বিভাগ ও কেন্দ্রীয় এস্টেট দপ্তরের মধ্যে জমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন সংস্থাটির সার্বিক কার্যক্রমে প্রভাব ফেলছে।
করপোরেশনের অধীন চালু ও বন্ধ থাকা ১৫টি চিনিকলের হাজার হাজার একর জমিতে আখ চাষ সম্প্রসারণ ও খামার পরিচালনাসংক্রান্ত ক্ষমতার বিন্যাসই এই বিরোধের নেপথ্যে মূল ভূমিকা পালন করছে। একদিকে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা দাবি করছেন যে আবাদি জমির সর্বাত্মক ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির জন্য প্রশাসনিক ও সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার তাদের হাতে থাকা দরকার।
অন্যদিকে এস্টেট দপ্তর মনে করে, প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি রক্ষা, লিজ প্রক্রিয়া এবং আইনি স্বত্ব নিয়ন্ত্রণের একমাত্র দাপ্তরিক দায়িত্ব তাদেরই। এই দুই পক্ষের কাজের সুনির্দিষ্ট সীমারেখা নিয়ে স্পষ্টতার অভাব সৃষ্টি হওয়ায় জমি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, সংস্থাটির সচিব মো. মুজিবুর রহমান চলমান এই বিরোধের কোনো নিষ্পত্তি না করে সরাসরি এস্টেট বিভাগের পক্ষ নিয়ে বিষয়টিকে আরও জটিল করে তুলেছেন।
প্রশাসনিক বা এস্টেট শাখায় কম যোগ্যতা বা জুনিয়র কর্মকর্তাদের তিনি দ্রুত পদোন্নতি দিয়ে দুই গ্রুপকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। বিএসএফআইসিতে কৃষি ক্যাডেট ও এস্টেট বিভাগের প্রশাসনিক দ্বন্দ্ব, জ্যেষ্ঠতা সংকট এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিষ্ঠানের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, এই নির্দিষ্ট বিরোধটি (কৃষি ক্যাডেট বনাম চিফ এস্টেট অফিসার) নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একাধিক রিট পিটিশন এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে মামলা চলছে।
করপোরেশন কর্তৃক সর্বশেষ গত ২১ জুলাই ‘চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা’ প্রকাশ করা হয়। এই তালিকায় কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ের পদমর্যাদা এবং প্রধান কার্যালয়ের এস্টেট কর্মকর্তাদের প্রশাসনিক পদমর্যাদার সমতা ও জ্যেষ্ঠতা নির্ধারণের বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়। সংক্ষুব্ধ কর্মকর্তারা এই তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছেন, যার পরিপ্রেক্ষিতে আদালত স্থিতাবস্থা অথবা বিধিমালা অনুসরণের অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করেছেন।
আর এই নির্দেশনার পর থেকেই সংস্থার সচিব অবস্থান নিয়েছেন এস্টেট বিভাগের পক্ষে। আর এতে করেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানের প্রতিটি শাখায়। কর্মকর্তারা আরও জানান, গত ১৮ জানুয়ারি পদোন্নতি এবং ২০২৫ সালের ১ ডিসেম্বর কর্মকর্তাদের বদলি ও নতুন পদায়নসংক্রান্ত বেশ কিছু অফিস আদেশ জারি করা হয়। সচিবের একচ্ছত্র আধিপত্যের কারণে এই তালিকায় সুবিধা পান এস্টেট বিভাগের কর্মকর্তারা।
খামার ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ নিয়ে এই আদেশগুলোর কয়েকটি দপ্তরে কৃষি ক্যাডারদের পক্ষ থেকে আপত্তি তোলায় বর্তমানে মন্ত্রণালয় ও বিএসএফআইসি কর্তৃপক্ষ বিতর্কিত পদায়নগুলো সাময়িকভাবে পর্যালোচনাধীন রাখলেও গোপনে তা এস্টেট বিভাগের পক্ষে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন খোদ সচিব। আর এতেই সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ, তাদের চাকরির শর্তাবলি মূলত বিএসএফআইসি অফিসার্স সার্ভিস রেগুলেশনস (নিয়োগ ও পদোন্নতি বিধিমালা) দ্বারা নিয়ন্ত্রিত।
এই বিধিমালা এবং এর প্রয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে প্রধান অভিযোগগুলো সচিবকে ঘিরে। মূল অভিযোগ, পদোন্নতির বৈষম্য। কৃষি গ্র্যাজুয়েট বা ‘কৃষি ক্যাডেট’ হিসেবে যারা চাকরিতে প্রবেশ করেন, তাদের মাঠপর্যায়ে বছরের পর বছর রোদে-বৃষ্টিতে পুড়ে আখ চাষ সম্প্রসারণ ও চিনিকলের মূল উৎপাদন সচল রাখতে হয়। অথচ তাদের পদোন্নতি অত্যন্ত ধীরগতির।
অপরদিকে, প্রশাসনিক বা এস্টেট শাখায় সচিবের সদয় দৃষ্টি থাকায় তুলনামূলক কম যোগ্যতা বা জুনিয়র কর্মকর্তারা দ্রুত উচ্চতর পদোন্নতি পেয়ে যান। বিধিমালা অনুযায়ী, ‘চিফ এস্টেট অফিসার’ বা এস্টেট বিভাগের নীতি নির্ধারণী পদে আইনি জ্ঞানসম্পন্ন বা নির্দিষ্ট প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা বসার কথা। অভিযোগ রয়েছে, কৃষি ক্যাডারের সিনিয়র কর্মকর্তাদের এই পদগুলোয় পদায়ন না করে ব্যাকডোর দিয়ে জুনিয়র বা অন্য উইংয়ের কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা আরও বলেন, চিনিকলের নিজস্ব হাজার হাজার একর কৃষি খামার রয়েছে। বিধিমালায় খামার ব্যবস্থাপনা (যা সম্পূর্ণ কৃষিভিত্তিক) এবং এস্টেট বা ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ (যা আইনি ও দাপ্তরিক)— এই দুইয়ের সীমানা স্পষ্ট না থাকায় দুই বিভাগের কর্মকর্তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। কৃষি ক্যাডেটদের অভিযোগ, বর্তমান সচিবের ছত্রচ্ছায়ায় লালিত এস্টেট কর্মকর্তারা খামারের ওপর অন্যায্য প্রশাসনিক নিয়ন্ত্রণ খাটাতে চান।
ফলে উভয় পক্ষে এই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের জেরে স্থবির হয়ে পড়েছে চিনিকলগুলোর খামার ব্যবস্থাপনা ও জমি পুনরুদ্ধার কার্যক্রম। চিনিকলের আখ চাষের জমি ও বীজ খামারগুলোর তদারকি করেন কৃষি ক্যাডেটরা। কিন্তু এই জমির লিজ দেওয়া, অবৈধ দখলদার উচ্ছেদ এবং আইনি নথিপত্র রক্ষণাবেক্ষণ করে এস্টেট বিভাগ। দুই বিভাগের মধ্যে সমন্বয় না থাকায় সরকারের কোটি কোটি টাকার জমি বেদখল হচ্ছে এবং খামারের উৎপাদনশীলতা কমছে।
এ ছাড়া বিএসএফআইসিতে নিয়মিত পদোন্নতি না দিয়ে দীর্ঘদিন ধরে ‘চলতি দায়িত্ব’ বা ‘অতিরিক্ত দায়িত্ব’ প্রদানের সংস্কৃতি গড়ে উঠেছে। ফলে জুনিয়র কর্মকর্তারা সিনিয়র কৃষি কর্মকর্তাদের ওপর প্রশাসনিক কর্তৃত্ব খাটানোর সুযোগ পাচ্ছেন, যা কর্মকর্তাদের নৈতিক মনোবল অনেকটাই ভেঙে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত যুক্ত জ্যেষ্ঠতা তালিকায় পদমর্যাদার সমতা নিশ্চিত না করায় সংক্ষুব্ধ কর্মকর্তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।
এর ফলে আইনি জটিলতায় আটকে গেছে অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। আর এই দীর্ঘস্থায়ী বিরোধের সরাসরি প্রভাব পড়ছে চিনিকলগুলোর পারফরম্যান্সে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে আখের ফলন বাড়ানোর চেয়ে নিজেদের দাপ্তরিক অধিকার রক্ষায় বেশি সময় ব্যয় করছেন। অন্যদিকে, এস্টেট বিভাগ খামারের টেকনিক্যাল বিষয়গুলো না বোঝায় অনেক সময় ভুল প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে।
ফলস্বরূপ, চিনি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং করপোরেশনের লোকসানের বোঝা দিন দিন ভারী হচ্ছে। চিনিকলের কর্মকর্তারা বলছেন, সচিবের পক্ষপাতমূলক আচরণ এবং অভ্যন্তরীণ টানাপোড়েনের ফলে চিনিকলগুলোর বিপুল পরিমাণ উর্বর জমিতে সময়মতো আখ রোপণ, বিকল্প ফসল চাষ কিংবা অবৈধ দখলমুক্ত রাখার কার্যক্রমে মারাত্মক শ্লথগতি তৈরি হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনকে টিকিয়ে রাখতে হলে চিনিকলের মূল চালিকাশক্তি, অর্থাৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার এই মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক দেয়াল ভাঙতে হবে।
পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে চিনিশিল্পকে লাভজনক করতে দ্রুত প্রশাসনিক সংস্কারই এখন একমাত্র পথ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে সংস্থার সচিব মো. মুজিবুর রহমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো পক্ষপাতমূলক আচরণ করছেন না। সংস্থাটির কৃষি ও এস্টেট দপ্তরের আওতাধীন কাজের পরিধি সম্পূর্ণ আলাদা হলেও জমিকেন্দ্রিক কার্যক্রমে মাঠপর্যায়ে কিছু সমন্বয়হীনতা ও মতপার্থক্য আছে।
দুই বিভাগের মধ্যে কোনো নীতিগত প্রশাসনিক বিরোধ স্থায়ী হতে দেওয়া হবে না। আইনগতভাবেই তিনি সেটা দূর করার চেষ্টা করছেন।





















