ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহীদুল ইসলাম (৪৫) ও সজল মিয়াসহ (২৭) তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সাইফুল ইসলাম নামের একজনকে পুলিশ আটক করেছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহীদুল ইসলাম ও সজল মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরুনীয়া গ্রামের শহীদুল ইসলামদের সঙ্গে একই এলাকার বাচ্চু মিয়া ও সাইফুল ইসলামদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন বাচ্চু মিয়াদের লোকজন শহীদুলদের ভোগদখলে থাকা জমি থেকে গাছ কাটতে গেলে তারা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সাইফুল ইসলামকে আটক করেছে বলে জানা গেছে।
শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন বাচ্চু মিয়ারা। এতে বাধা দেওয়ায় তাকে ও তার ভাতিজাদের মারধর করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





















